কলকাতা পুরভোটে মহিলা সংরক্ষণ ৭০ ওয়ার্ডে, চূড়ান্ত তালিকায় বড় রদবদল

৬৬টি ওয়ার্ড সাধারণ মহিলাদের, ৪টি তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত—পুরভোটের প্রস্তুতিতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা

Published by -Jyotirmay Dutta: Posted 08.10.2026 at 14:27 pm

বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:

ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন ঘিরে জল্পনা আরও জোরাল হল। ২০৯টি ওয়ার্ডের মধ্যে ৭০টি ওয়ার্ডে মহিলা সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে প্রশাসন। বুধবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংরক্ষিত ৭০টি ওয়ার্ডের মধ্যে ৬৬টি সাধারণ মহিলাদের জন্য এবং ৪টি ওয়ার্ড তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পর চূড়ান্ত তালিকা নিয়ে অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার রাতে প্রকাশিত হল চূড়ান্ত সংরক্ষণ তালিকা। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় কিছু রদবদলও হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

মহিলা সংরক্ষণের এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কলকাতা পুরভোটের রাজনৈতিক প্রস্তুতিতেও গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। কোন ওয়ার্ডে কোন দলের সম্ভাব্য প্রার্থী দাঁড়াবেন, তা নিয়ে রাজনৈতিক দলগুলির অন্দরে শুরু হতে পারে নতুন করে হিসাবনিকাশ। সংরক্ষণের কারণে বেশ কিছু ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বা সম্ভাব্য পুরুষ প্রার্থীদের পরিবর্তে মহিলা প্রার্থীকে বেছে নিতে হতে পারে। ফলে প্রার্থী বাছাইয়ের সমীকরণেও বদল আসার সম্ভাবনা রয়েছে।

১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আইন অনুসরণ করেই এই সংরক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারির তরফে ‘ফর্ম বি’-র ৩ ও ৪ নম্বর ধারা অনুসরণ করে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ফলে খসড়া তালিকার পর চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের প্রক্রিয়াও সম্পন্ন হল।

এদিকে কলকাতা ও হাওড়া—দুই শহরেই পুরভোটের প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর কলকাতা ও হাওড়ায় ভোট করানোর সম্ভাব্য দিন ধরে প্রস্তুতি এগিয়ে রাখা হচ্ছে। যদিও ভোটের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *