নির্দিষ্ট শর্ত পূরণ হলে বাড়ি বা হাসপাতালের বাইরে মৃত্যুর কারণের শংসাপত্র দিতে পারবেন আয়ুষ চিকিৎসকরাও
Published by -Jyotirmay Dutta: Posted 08.10.2026 at 14:39 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব
বাড়িতে কারও মৃত্যু হলে সেই মৃত্যুর কারণের শংসাপত্র কে দেবেন, তা নিয়ে এতদিন যে বিভ্রান্তি ছিল, এবার তা অনেকটাই স্পষ্ট করল রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ভারতীয় চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথির (আয়ুষ) যোগ্য চিকিৎসকরাও বাড়িতে বা হাসপাতালের বাইরে হওয়া মৃত্যুর কারণের শংসাপত্র দিতে পারবেন।
বুধবার, ৭ অক্টোবর, রাজ্য স্বাস্থ্য দফতরের অধীন স্টেট ব্যুরো অফ হেল্থ ইন্টেলিজেন্সের জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
পশ্চিমবঙ্গের জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিধি, ২০২৬-এর ৫(৪) নম্বর বিধিতে ব্যবহৃত ‘অন্তত একটি ডিগ্রি’ কথাটির ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। সেই অস্পষ্টতা দূর করতেই স্বাস্থ্য দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
কী বলছে স্বাস্থ্য দফতর?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথিতে স্বীকৃত যোগ্যতাসম্পন্ন কোনও চিকিৎসকের নাম যদি পশ্চিমবঙ্গের স্টেট রেজিস্টারে বৈধ ভাবে নথিভুক্ত থাকে এবং তিনি আইনত চিকিৎসা করার অধিকারী হন, তা হলে সংশ্লিষ্ট বিধির অধীনে মৃত্যুর কারণের শংসাপত্র দিতে পারবেন।
অর্থাৎ, শুধুমাত্র কোনও ডিগ্রি থাকলেই এই সুবিধা পাওয়া যাবে না। সংশ্লিষ্ট চিকিৎসকের স্বীকৃত পেশাগত যোগ্যতা, বৈধ রেজিস্ট্রেশন এবং আইনত চিকিৎসা করার অনুমোদন থাকা বাধ্যতামূলক।
১৯৬৯ সালের আইন ও ২০২৩ সালের সংশোধনীর উল্লেখ
এই নির্দেশের ভিত্তি হিসেবে ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন এবং ২০২৩ সালের সংশোধনী আইনের উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনের ১০ নম্বর ধারায় মৃত্যুর কারণের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে যোগ্য চিকিৎসকের বিষয়টি উল্লেখ রয়েছে।
স্বাস্থ্য দফতরের ব্যাখ্যা, ‘অন্তত একটি ডিগ্রি’ শব্দবন্ধটিকে বিচ্ছিন্ন ভাবে না দেখে সংশ্লিষ্ট চিকিৎসা পদ্ধতির স্বীকৃত যোগ্যতা, বৈধ রেজিস্ট্রেশন এবং চিকিৎসা করার আইনি অনুমোদন—এই তিনটি বিষয় একসঙ্গে বিবেচনা করতে হবে।
জেলাস্তরে অভিন্ন নিয়ম কার্যকরের নির্দেশ

এই নির্দেশিকা রাজ্যের সমস্ত পুরনিগমের মিউনিসিপ্যাল কমিশনার, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, সমস্ত জেলার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এবং জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা আধিকারিকদের রাজ্যজুড়ে একই ব্যাখ্যা অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বাড়িতে বা হাসপাতালের বাইরে মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর কারণের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়ায় আয়ুষ চিকিৎসকদের ভূমিকা নিয়ে একটি নির্দিষ্ট দিশা মিলল।
তবে স্বাস্থ্য দফতরের এই স্পষ্টীকরণ কোনও চিকিৎসকের ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট চিকিৎসকের স্বীকৃত যোগ্যতা, বৈধ স্টেট রেজিস্ট্রেশন এবং আইনত চিকিৎসা করার অধিকার থাকা আবশ্যক।

