
আবারও পুলিশের জেরা এড়ালেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। বুধবার তৃতীয় বারের জন্য কলকাতা পুলিশ তলব করেছিল নিখিলকে। এদিন শেক্সপিয়র সরণি থানায় তাঁর যাওয়ার কথা থাকলেও এড়িয়ে গিয়েছেন বিজেপি বিধায়ক।
প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলের নামে বুক করা ঘর থেকে অভিযুক্ত ফোন করেছিল বলে জানতে পারে পুলিশ। সেই প্রসঙ্গেই নিখিলকে জেরা করতে তলব করেছিল কলকাতা পুলিশ। মোট তিন বার জেরা করার জন্য তলব করলেও একবারও হাজিরা দিলেন না বিজেপি বিধায়ক।

