বঙ্গবার্তা ব্যুরো,
খাবারের দোকানে আগুন লাগায় আতঙ্ক ছড়াল নিউ মার্কেট এলাকায়। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিউ মার্কেট এলাকার একটি নামকরা বিরিয়ানির দোকানের পাশে একটি খাবারের ছোট দোকানে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। শনিবার সকালে সেভাবে ওই এলাকায় ভিড় না থাকায় বড়সড় ক্ষতি হয়নি। তবে ওই দোকানের ওপরে বেশ কয়েকটি অফিস ও কিছু পরিবার বসবাস করে। আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়ায় তাদের মধ্যেও। দ্রুত তারা সেখান থেকে বেরিয়ে আসেন। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে কাজ করতে সমস্যা হচ্ছিল দমকল কর্মীদের। বেলা ১১টা নাগাদ আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। আগুন লাগার ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সকালের দিকে আগুন লাগায় ওই এলাকায় সেই সময় তেমন লোক ছিল না। তাই বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নিউ মার্কেট এলাকায় খাবারের দোকানে আগুন, আতঙ্ক

