সমবায় দফতরের অতিরিক্ত মুখ্যসচিব থেকে এবার রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষপদে। রাজ্যপালের অনুমোদনে নিয়োগ আইএএস অফিসার কৃষ্ণা গুপ্তার, জারি সরকারি বিজ্ঞপ্তি।
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃনাল কান্তি সরকার :
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রশাসনে বড় রদবদল। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র আইএএস অফিসার কৃষ্ণা গুপ্তা। বুধবার কলকাতা গেজেটে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বর্তমানে রাজ্যের সমবায় দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত কৃষ্ণা গুপ্তাকে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বভার দেওয়ার অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ২৪৩(কে) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের অবসরের পর আগামী ৩০ জুন ২০২৬ থেকে দায়িত্ব গ্রহণ করবেন কৃষ্ণা গুপ্তা। ওই দিন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসেবে কাজ শুরু করবেন।
রাজ্যের পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে স্থানীয় স্তরের একাধিক নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা, নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক তদারকি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব থাকবে নতুন কমিশনারের উপর।

প্রশাসনিক মহলের মতে, দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা কৃষ্ণা গুপ্তাকে এই পদে কার্যকর ভূমিকা পালনে সাহায্য করবে। ফলে তাঁর নিয়োগকে প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর রয়েছে।

