‘টোটোর কোনও মা-বাবা নেই’, হাইওয়েতে টোটোর চলাচল বন্ধে ব্যবস্থা; দুর্ঘটনা কমাতে সচেতনতার পাশাপাশি অভিভাবকদের নিয়ন্ত্রণের বার্তা পরিবহণমন্ত্রীর
Published by -Jyotirmay Dutta: Posted 10.08.2026 at 13:25 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত
পুজোর আগেই রাজ্যের রাস্তায় নামতে চলেছে ৫০০টি নতুন সরকারি বাস। আগামী মার্চের মধ্যে আরও ১০০০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে হাইওয়েতে অটো ও টোটোর চলাচল নিয়েও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার পরিবহণ ব্যবস্থা ও পথ নিরাপত্তা নিয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন পরিবহণমন্ত্রী। দুর্ঘটনা কমাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপরেও জোর দেন তিনি।
‘কোটি কোটি টাকা খরচ হলেও দুর্ঘটনা কমছে না’
রোড সেফটি নিয়ে সরকারের তরফে বিপুল অর্থ খরচ করা হলেও দুর্ঘটনার সংখ্যা প্রত্যাশামতো কমছে না বলে স্বীকার করেন অর্জুন। তাঁর বক্তব্য, পথ নিরাপত্তা নিয়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন। শুধু প্রশাসনের উদ্যোগ নয়, বাড়ির অভিভাবকদেরও তাঁদের সন্তানদের বিষয়ে আরও নিয়ন্ত্রণ রাখতে হবে বলে বার্তা দেন তিনি।
মন্ত্রী বলেন, রোড সেফটির জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু দুর্ঘটনা কমছে না। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবারের অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
হাইওয়েতে টোটো বন্ধে কড়া পদক্ষেপ
হাইওয়েতে অটো ও টোটোর চলাচল নিয়ে প্রশ্ন করা হলে টোটোর বৈধতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে সরব হন পরিবহণমন্ত্রী। অটোর ক্ষেত্রে নথিপত্র থাকলেও টোটোর ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণের অভাব রয়েছে বলে দাবি করেন তিনি।
অর্জুনের মন্তব্য, “অটোর তো তাও কাগজ আছে। টোটোর কোনও মা-বাবা নেই। পার্টি অফিস থেকে রেজিস্ট্রেশন হত।”
হাইওয়েতে টোটোর ওঠা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুর্ঘটনা রুখতে টোটোর চলাচল নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
বিটি রোডের দুর্ঘটনায় তদন্তের উপর জোর
বিটি রোডের সাম্প্রতিক দুর্ঘটনা নিয়েও প্রশ্নের মুখে পড়েন পরিবহণমন্ত্রী। দুর্ঘটনার সময় গাড়িটির ব্রেক ফেল হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তাঁর বক্তব্য।
পুজোয় ৫০০, মার্চে আরও ১০০০ সরকারি বাস
রাজ্যে সরকারি বাসের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন অর্জুন সিং। যাত্রী পরিষেবা আরও উন্নত করতে সেই ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিবহণমন্ত্রীর দাবি অনুযায়ী, পুজোর আগেই ৫০০টি নতুন সরকারি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। এরপর আগামী মার্চের মধ্যে আরও ১০০০টি বাস নামানো হবে। ফলে ধাপে ধাপে রাজ্যের সরকারি বাস পরিষেবায় বড়সড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের।
দুর্ঘটনায় লাইসেন্স ও গাড়ি বাতিলের পক্ষে সওয়াল
সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপের পক্ষেও সওয়াল করেন পরিবহণমন্ত্রী। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজন অনুযায়ী চালকের লাইসেন্স বাতিল এবং সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়েও সরব হন মন্ত্রী। পরিবহণ ব্যবস্থায় অনিয়ম বা দুর্নীতির অভিযোগ সামনে এলে তা নজরে রাখা হচ্ছে বলে জানান তিনি।
সরকারি বাস নিয়ে অভিযোগেও নজর
সরকারি বাস নির্দিষ্ট জায়গায় না দাঁড়ানোর অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে অর্জুনের বক্তব্য, এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং বিষয়টি পরিবহণ দফতরের নজরে রয়েছে। পরিষেবা ব্যবস্থায় কোনও অনিয়ম যাতে বড় আকার না নেয়, সে দিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
শীতে ডবল ডেকার বাসের পরিকল্পনা
পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে লন্ডনের ধাঁচে ডবল ডেকার বাস চালানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান পরিবহণমন্ত্রী। বিশেষ করে শীতের মরশুমে পর্যটকদের কথা মাথায় রেখে এই ধরনের বাস চালানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছে।
‘গ্রেফতার হবে, অপেক্ষা করুন’
এ দিন আরজি কর-কাণ্ডের দু’বছর পূর্তির দিনে নির্মল ঘোষের গ্রেফতারের দাবির প্রসঙ্গেও মন্তব্য করেন অর্জুন সিং। পরিবারের তরফে ওঠা দাবির প্রসঙ্গে তিনি বলেন, “নির্মল ঘোষ, চেয়ারম্যান গ্রেফতার হবে। অপেক্ষা করুন।”
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

