খুলেছে ভারত পাক সীমান্ত, ঘর বাপসি পাক নাগরিকদের

Published By Subrata Halder on 02 May 2025 at 08:06 pm

বঙ্গবার্তা ব্যুরো,
২৯ শে এপ্রিল ছিল ভারত ছাড়ার চূড়ান্ত সময় সীমা। তার মধ্যেই ফিরে যেতে হবে পাক নাগরিকদের। ভারত সরকার এই আদেশ জারির সঙ্গে সঙ্গে বাতিল করে দেয় পাক নাগরিকদের ভিসা। নির্দেশ মেনে সেদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পাক সীমান্তে জড়ো হন। কিন্তু ফিরতে পারেন নি দেশে। কারণ সীমান্ত বন্ধ। অটারি- ওয়াঘা সীমান্ত বন্ধ রাখে পাকিস্তান সরকার। তারা জানত ভারত সরকার পাকিস্তান থেকে ভিসা নিয়ে আসা মানুষদের ২৯ তারিখের মধ্যে দেশে ফিরে যেতে বলেছে। তা জানার পরেও পাকিস্তান সীমানা বন্ধ রাখে। ফলে অসংখ্য মানুষ সীমান্তে আটকে পড়েন। এই পরিস্থিতিতে পাক সরকার তাদের সীমান্ত খুলে দেওয়ায়, শুক্রবার থেকে দেশে ফিরতে শুরু করেছেন পাক নাগরিকরা।
পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন ভারতীয়ের। ভারত সরকার এই ঘটনার জন্য পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নেয়, যার মধ্যে ছিল ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত।
পাকিস্তান থেকে বহু মানুষ বিভিন্ন প্রয়োজনে ভারতে আসেন। অনেকেই আসেন চিকিৎসা করাতে। কেউ বা আসেন শুধুই বেড়াতে। সেখানকার বহু হিন্দুও আসেন এদেশের তীর্থ স্থান দর্শন করতে। তাদের অনেককেই সেই কাজ অসমাপ্ত রেখে ফিরতে হচ্ছে।
সাধারণ মানুষ বলছেন জঙ্গিদের সঙ্গে তাদের কোনও যোগ নেই । এই কাজ তারা কখনও সমর্থন করেন না। তবুও ভোগান্তি হয় তাদেরই। দুদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির বোঝা তাদেরই বইতে হয়।