বারুইপুরের নৃশংস ঘটনার প্রেক্ষিতে বেআইনি মদ, গাঁজা, চরস ও মাদকচক্রের বিরুদ্ধে কড়া অবস্থান রাজ্য সরকারের। ডিজিপিকে বিশেষ অভিযানের নির্দেশ, সাধারণ মানুষের সহযোগিতাও চাইলেন মুখ্যমন্ত্রী।
Published by -Jyotirmay Dutta: Posted 011.07.2026 at 15:28 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা, আভিজিত বসুঃ
ছবি এ আই দ্বারা নির্মিত
বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে বেআইনি মাদক ও মদের কারবারের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলবে বিশেষ মাদকবিরোধী অভিযান, যার মূল লক্ষ্য বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস এবং অন্যান্য মাদকচক্রের শিকড় উপড়ে ফেলা।
বারুইপুর সফরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। পরে সূর্যপুরে একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বারুইপুরের মতো অপরাধের নেপথ্যে বেআইনি মাদক ও মদের কারবার বড় ভূমিকা পালন করছে। সেই কারণেই রাজ্যের ডিজিপিকে অবিলম্বে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, অভিযানে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ বাহিনী ও ব্যাটেলিয়নের জওয়ানদেরও কাজে লাগানো হবে। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মাদকচক্রের বিরুদ্ধে সমানভাবে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, কোনও এলাকায় বেআইনি মদ বা মাদক বিক্রির খবর থাকলে তা প্রশাসনকে জানাতে হবে। মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই রেল ও বাসে নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করছে। এবার সেই অভিযানকে আরও বিস্তৃত করে রাজ্যের প্রতিটি জেলায় কঠোর নজরদারি চালানো হবে।
সরকারের মতে, এই বিশেষ অভিযানের লক্ষ্য শুধু বেআইনি ব্যবসা বন্ধ করা নয়, বরং যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করা এবং অপরাধপ্রবণতা কমিয়ে নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলা।

