CAA-তে দ্রুত শুনানি ও সার্টিফিকেট, অন্নপূর্ণা ভাণ্ডারে যোগ্যদের সুবিধা, সরকারি সম্পত্তি নষ্টে তিন গুণ ক্ষতিপূরণ—ফেসবুক লাইভে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Published by -Jyotirmay Dutta: Posted 24.08.2026 at 10:18 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি-নিজস্ব
অন্নপূর্ণা ভাণ্ডার, মতুয়া-সহ একাধিক ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ফেসবুক লাইভে এসে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী এবং মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের বিষয়ে দ্রুত কাজ শুরু করা হবে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের গেজেট অনুযায়ী CAA-র শুনানির অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সার্টিফিকেট দিতে পারব। দ্রুত শুনানি হবে, দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে।”
সরকারি সম্পত্তি নষ্ট করলে তিন গুণ ক্ষতিপূরণ
সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘West Bengal Public Order’ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তদের কাছ থেকে তিন গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে। রাজ্যপাল সংশ্লিষ্ট বিলে সই করেছেন এবং সোমবার থেকেই বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে বলেও জানান তিনি।
নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতাল
শিল্প ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নিউ টাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে প্রায় ২,০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির কথা জানান তিনি। গৌতম আদানি এ বিষয়ে কমিটমেন্ট লেটার দিয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। হাসপাতালের প্রায় ১,০০০ শয্যায় গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলেও জানান তিনি।
অন্নপূর্ণা ভাণ্ডারে ‘যোগ্যরা সবাই পাবেন’
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেরও জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যাঁরা যোগ্য, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।” তাঁর দাবি, এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৪৬ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। অন্নপূর্ণা পোর্টালে প্রায় সাড়ে চার লক্ষ অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি। অভিযোগগুলি যাচাই করে প্রকৃত যোগ্যদের প্রকল্পের আওতায় আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
ধর্মের ভিত্তিতে সুবিধা দেওয়ার অভিযোগও খারিজ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারে প্রায় ১৯.২ লক্ষ মুসলিম উপভোক্তা রয়েছেন। তাঁর বক্তব্য, আগের সরকার ‘বাছাবাছি’ করলেও বর্তমান সরকার ধর্ম দেখে সুবিধা দেয় না।
আবাসন প্রকল্প নিয়েও আগের সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের একটি গ্রামের উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, আবাসের টাকা পাওয়া ৫৪ জনের মধ্যে মাত্র দু’জন হিন্দু ছিলেন, বাকিরা মুসলিম। এই সংক্রান্ত সমস্ত হিসাব খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
দুর্নীতি নিয়ে মমতাকে নিশানা
দুর্নীতি প্রসঙ্গেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ‘পিসি-ভাইপো’র দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, মানুষ শুধু উন্নয়নের জন্য ভোট দেয়নি, দুর্নীতির সঙ্গে যুক্তদের শাস্তি দেওয়ার জন্যও ভোট দিয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের কথাও বলেন তিনি।

‘ফেসবুকেই থাকুন’, মমতাকে কড়া বার্তা
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আরও আক্রমণাত্মক ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, “ফেসবুকেই থাকুন আপনি, বিকেলবেলা। রাস্তায় যাতে বেরোতে না পারেন, তার ব্যবস্থা করব।”
বারুইপুর ও হালিশহরের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বারুইপুরে গোল খেয়েছেন, হালিশহরেও চেষ্টা করেছিলেন, সেখানেও গোল খেয়েছেন।”
শিল্পে একাধিক প্রকল্পের ঘোষণা
এ দিনের বক্তব্যে শিল্প নিয়েও একাধিক প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী ২৭ অগস্ট ‘সিলিকন ভ্যালি’তে এলঅ্যান্ডটির একটি প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান তিনি। পাশাপাশি আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসে প্রায় ৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ক্রেতা সুরক্ষা ও সাংবাদিকদের জন্য সহায়তা
১ থেকে ৭ সেপ্টেম্বর ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। চাল, ডাল ও চিনির মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত টাস্ক ফোর্সকে সক্রিয় করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগে ১৫৪ জন সাংবাদিককে মাসে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হত। সেই সহায়তা বাড়িয়ে মাসে ৫,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

