Published by -Jyotirmay Dutta: Posted 02.07.2026 at 14:05 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা, আভিজিত বসুঃ
ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব
সিউড়িতে মানুষের অভাব-অভিযোগ শুনলেন মন্ত্রী; সপ্তাহে দু’দিন জনতার দরবার, BIT কলেজ পুনরুজ্জীবন, শিল্পে ৫০-৬০ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনার দাবি
রথযাত্রার শুভ দিনে সাইকেল চালিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি শহরের বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত ‘জনতার দরবার’-এ বসে তিনি এলাকার মানুষের নানা অভাব-অভিযোগ শুনলেন এবং সমস্যার সমাধানে আশ্বাস দিলেন।
মন্ত্রী জানান, মানুষের প্রত্যাশা অনেক, তবে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলেও ধাপে ধাপে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। তিনি বলেন, “আমরা মানুষের অভিযোগ শুনছি, লিপিবদ্ধ করছি এবং যতটা সম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

তিনি ঘোষণা করেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে প্রতি সপ্তাহে দু’দিন জনতার দরবার বসাবেন। শিক্ষা, স্বাস্থ্য ও জেলার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সিউড়িকে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার সাধারণ মানুষের সমস্যার প্রতি উদাসীন ছিল। বর্তমান সরকার মানুষের অভিযোগ সরাসরি শুনে তার সমাধানে উদ্যোগী হয়েছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী আরও জানান, জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে তিনি আগেই নিজের হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেছিলেন। সেই নম্বরে প্রতিদিন বিপুল সংখ্যক অভিযোগ ও ব্যক্তিগত বার্তা আসছে। যদিও সবগুলির তাৎক্ষণিক উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, তবুও জরুরি সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শিল্প নিয়ে কী বললেন মন্ত্রী?
রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, অতীতের সরকারের নীতিগত ব্যর্থতা, ইউনিয়নের প্রভাব এবং সিন্ডিকেট রাজের কারণে পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার আইনশৃঙ্খলা ও শিল্পবান্ধব পরিবেশ তৈরি করেছে বলে দাবি করে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকার নতুন শিল্প বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

BIT কলেজ নিয়ে আশ্বাস
সিউড়ির BIT ইঞ্জিনিয়ারিং কলেজের বর্তমান অচলাবস্থা প্রসঙ্গে মন্ত্রী জানান, কলেজটিকে বাঁচাতে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ চলছে। তিনি স্পষ্ট বলেন, “কোনও শিক্ষা মাফিয়ার হাতে এই কলেজের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হবে না।”

