বঙ্গবার্তা,ওয়েব ডেস্কঃ
হরমুজ প্রণালীকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সংঘর্ষবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র একদিন পরই হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিল ইরান। শনিবার তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ জানায়, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তারই জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েল ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আমেরিকার বিরুদ্ধেও চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে তেহরান। তাদের বক্তব্য, পরিস্থিতির প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপকে ইরান তাদের ‘প্রথম প্রতিক্রিয়া’ হিসেবেও বর্ণনা করেছে।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, ওই অঞ্চলে প্রবেশকারী জাহাজ নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে ইরানের এই দাবির সঙ্গে একমত নয় আমেরিকা। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালী এখনও খোলা রয়েছে এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিকভাবেই চলছে। ফলে বাস্তবে জলপথের বর্তমান অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রফতানির বড় অংশ এই জলপথ দিয়েই বিশ্ববাজারে পৌঁছায়। ফলে হরমুজে যেকোনও অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্য ও ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
ইরানের সর্বশেষ ঘোষণার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। এখন নজর রয়েছে, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়ে কি না এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন কোনও কূটনৈতিক বা সামরিক পদক্ষেপ সামনে আসে কি না।

