গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে সোমবার ছাড়া পেলেন পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকে বেরিয়েই স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে আন্দোলনে পাশে থাকা সকলকে ধন্যবাদও জানান তিনি।
Published by -Jyotirmay Dutta: Posted 27.07.2026 at 20:05 pm
বঙ্গবার্তা নিউজ,নয়াদিল্লি,রাজেন্দ্র সিং জাদোন:
ছবি এ আই দ্বারা নির্মিত
দীর্ঘ ২৬ দিনের অনশন এবং চিকিৎসার পর অবশেষে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোমবার (২৭ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেয়।
হাসপাতাল থেকে বেরিয়ে একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, “অবশেষে সেই দিন এল, যেদিন আমাকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হচ্ছে। এখন আমি অনেকটাই সুস্থ। ধীরে ধীরে খাবার খেতে শুরু করেছি এবং শরীরে শক্তি ফিরছে।”
আগেই তিনি জানিয়েছিলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর লাদাখে ফেরার আগে তিনি দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, স্ত্রী গীতাঞ্জলি আংমো-কে সঙ্গে নিয়ে তিনি রাজঘাটে পৌঁছে বাপুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এদিন আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সোনম ওয়াংচুক। তিনি বলেন, “আপনাদের সমর্থন এবং আন্দোলনে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা আমাদের উদ্দেশ্য পূরণে সফল হয়েছি।”
অন্যদিকে, মেদান্তা হাসপাতাল একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, ২১ জুলাই ২০২৬-এ ভর্তি হওয়ার পর ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার এবং অন্যান্য বিশেষজ্ঞ বিভাগের সমন্বিত তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ছাড়পত্রের সময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, রক্তচাপ, পালস-সহ সমস্ত গুরুত্বপূর্ণ শারীরিক সূচক স্বাভাবিক সীমার মধ্যে ছিল এবং নিয়মিত আউটডোর ফলো-আপের পরামর্শ দেওয়া হয়েছে।
সোনম ওয়াংচুকের সুস্থ হয়ে হাসপাতাল ছাড়া এবং রাজঘাটে গিয়ে শ্রদ্ধা নিবেদনের ঘটনাকে ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে স্বস্তি ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।

