বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের; সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী ও পেনশনভোগীরা পাবেন অতিরিক্ত ২০% ডিএ ও ডিআর, কার্যকর ১ অক্টোবর ২০২৬ থেকে।
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,জ্যোতির্ময় দত্ত:
রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ এক ঐতিহাসিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট বক্তৃতায় তিনি জানান, বর্তমান ১৮ শতাংশ মহার্ঘ ভাতার (DA) সঙ্গে আরও ২০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে।
শুধু কর্মচারীরাই নন, রাজ্যের পেনশনভোগীরাও সমপরিমাণ অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ (DR) পাবেন। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে।

বাজেটে এই ঘোষণাকে সরকারি কর্মচারীদের জন্য ‘মেগা প্যাকেজ’ হিসেবে তুলে ধরা হয়েছে। সরকারের দাবি, প্রশাসনিক কাজকর্ম এবং নীতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সোমবারের বাজেট বক্তৃতায় সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

তবে ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান পুরোপুরি ঘোচেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যেখানে রাজ্যের নতুন হার দাঁড়াবে ৩৮ শতাংশ। ফলে এখনও ২০ শতাংশের ফারাক থেকে যাচ্ছে।
তবুও এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি পশ্চিমবঙ্গের ইতিহাসে অন্যতম বড় ঘোষণা বলে মনে করছেন প্রশাসনিক মহল। দীর্ঘদিন ধরে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া কর্মচারী সংগঠনগুলির মধ্যেও এই ঘোষণাকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগে বকেয়া ডিএ মেটানো, নতুন স্থায়ী পদ সৃষ্টি এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সম্মানজনক বেতন কাঠামোর দাবি জানানো হয়েছিল। বাজেটে সেই বিষয়গুলির কিছু প্রতিফলনও দেখা গিয়েছে বলে সূত্রের খবর।
এখন নজর থাকবে এই ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি এবং প্রশাসনিক দক্ষতায় কী ধরনের প্রভাব পড়ে তার উপর।

