প্রথমবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সরকারি ভাবে পশ্চিমবঙ্গ, ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের ঘোষণা

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে তিরঙ্গা র‌্যালি, পদযাত্রা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার ঘোষণা। ১৪ অগস্ট কলকাতায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে বিশাল তিরঙ্গা র‌্যালির পরিকল্পনা সরকারের।

Published by -Jyotirmay Dutta: Posted 06.08.2026 at 18:15 pm

বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:

ছবি এ আই দ্বারা নির্মিত

স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রথমবার কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সরকারি ভাবে অংশগ্রহণের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সারা রাজ্যে প্রায় ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে। পাশাপাশি তিরঙ্গা র‌্যালি, পদযাত্রা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও ঐতিহাসিক স্থাপনায় বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হবে।

তিনি জানান, ১৪ অগস্ট দুপুর ৩টায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বিশাল তিরঙ্গা র‌্যালি অনুষ্ঠিত হবে। এই র‌্যালিতে মন্ত্রিসভার সদস্য, মুখ্যসচিব-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। সরকারের আশা, প্রায় ৫০ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যজুড়ে দেশাত্মবোধক গান, কুইজ, প্রবন্ধ রচনা, বসে আঁকো প্রতিযোগিতা, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা, সচেতনতামূলক পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে তিরঙ্গার রঙে আলোকিত করা হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প সংস্থা, হোটেল এবং শপিং মলগুলিকেও জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার মাধ্যমে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এটি কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং দেশপ্রেম ও জাতীয়তাবোধকে শক্তিশালী করার একটি উদ্যোগ। যাঁরা “Nation First” নীতিতে বিশ্বাস করেন, তাঁদের সকলেরই এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও, ৭ অগস্ট ভবানীপুরের বিধায়ক হিসেবে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত একটি পৃথক তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, এটি সরকারি কর্মসূচি নয়; বিধায়ক হিসেবে নাগরিকদের নিয়ে আয়োজিত একটি অরাজনৈতিক উদ্যোগ।