বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, বাড়ল রাজনৈতিক উত্তাপ

অনুব্রত মণ্ডলের জেলা কার্যালয় ঘিরে বিজেপির প্রতীকী প্রতিবাদ। সাধারণ মানুষের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ, পাল্টা রাজনৈতিক চাপানউতোরে সরগরম বীরভূম।

Published by -Jyotirmay Dutta: Posted 07.07.2026 at 15:25 pm

বঙ্গবার্তা নিউজ,বোলপুর , আভিজিত বসুঃ

ছবি – নিজস্ব

বীরভূমে ফের রাজনৈতিক উত্তেজনার আবহ। মঙ্গলবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে কার্যালয়ের মূল গেটে প্রতীকীভাবে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাল বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজেপি যুব মোর্চার দাবি, দীর্ঘদিন ধরে বীরভূমের তৃণমূল সংগঠনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হত এই জেলা কার্যালয় থেকেই। তাদের অভিযোগ, ক্ষমতার পরিবর্তনের পরও এই কার্যালয়কে কেন্দ্র করেই বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ মানুষের কাজ বন্ধের অভিযোগ

বিক্ষোভকারীদের অভিযোগ, বোলপুর পুরসভার কাউন্সিলরদের তৃণমূলের স্থানীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা ও নাগরিক সংক্রান্ত কাজ যথাযথভাবে না করা হয়। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছেন বলে দাবি বিজেপির।

এই অভিযোগের প্রতিবাদেই প্রতীকী কর্মসূচি হিসেবে তৃণমূলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি যুব মোর্চার নেতারা।

রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনের অপব্যবহারের অভিযোগ

বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক কাজকর্মে প্রভাব খাটানো হচ্ছে এবং সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই তাদের এই কর্মসূচি বলে দাবি বিক্ষোভকারীদের।

অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ওপর নজর রাখে পুলিশ। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক মহলের মতে, আগামী দিনে বীরভূমে শাসক-বিরোধী সংঘাত আরও তীব্র হতে পারে। জেলা রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।