গুন্ডাদমন থেকে নিরপরাধের নিরাপত্তা—রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি বিজেপি রাজ্য সভাপতির। শীতলখুচি ঘটনা, তদন্ত ও তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সরব তিনি।
Published by -Jyotirmay Dutta: Posted 02.07.2026 at 18:47 pm
বঙ্গবার্তা নিউজ, আভিজিত বসুঃ
ছবি – সোশ্যাল মিডিয়া
বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই সরকারের অবস্থানের পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার যেকোনও ধরনের অপরাধ বা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করছে।
তিনি বলেন, রাজ্যে কোনও স্বৈরশাসন চলছে না। প্রশাসন আইন অনুযায়ী কাজ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। গুন্ডাদমনেও সরকার সক্রিয় ভূমিকা নিচ্ছে বলেই দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে শমীক ভট্টাচার্যের আবেদন, কোথাও কোনও নিরপরাধ মানুষের উপর হামলার ঘটনা ঘটলে তা দ্রুত প্রশাসন ও পুলিশের নজরে আনা উচিত, যাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া যায়।
শীতলখুচি প্রসঙ্গেও মন্তব্য
শীতলখুচিতে সিপিআই(এম)-এর এক নেত্রীর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে নিন্দা করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, অতীতে সিপিআই(এম)-এর হাতে বিজেপির বহু কর্মী প্রাণ হারিয়েছেন। তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনও নেতার উপর এ ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা নিন্দনীয় কাজ করেছে।
ইডি-সিবিআই তদন্ত দ্রুত শেষ করার দাবি
তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের মতো বিজেপিও চায় তদন্ত দ্রুত সম্পন্ন হোক এবং প্রকৃত দোষীদের সামনে আনা হোক। দীর্ঘদিন ধরে চলা তদন্তের পরিবর্তে এবার বাস্তব ফলাফল সামনে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বৈঠক ও তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ
তৃণমূলের এক নেতার সঙ্গে সুখেন্দু শেখর রায়ের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সুখেন্দু শেখর রায় একজন অভিজ্ঞ ও বিচক্ষণ রাজনীতিক। তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে সবাই অবগত এবং এই বৈঠককে তিনি ইতিবাচক বলেই মনে করেন।
একইসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান ও বারুইপুর সফর প্রসঙ্গে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, অতীতে বিভিন্ন দল থেকে যাঁদের তৃণমূলে আনা হয়েছিল, এখন তাঁদের সামলানোর দায়িত্বও তৃণমূল নেতৃত্বের।
এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কেও কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যের রাজনীতিতে নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে এবং তা নিয়ে নানা জল্পনা চলছে।

