রেল হকারদের পুনর্বাসন, জরিমানা বৃদ্ধি প্রত্যাহার এবং রেলবস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে শ্রমজীবীদের প্রতিবাদ কর্মসূচি। সিপিআইএমের অভিযোগ, জীবিকার প্রশ্নে প্রশাসনে
Published by -Jyotirmay Dutta: Posted 03.07.2026 at 10:13 am
বঙ্গবার্তা নিউজ, কলকাতা, আভিজিত বসুঃ
ছবি – GOOGLE, AI
হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। ‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না’— এই দাবিকে সামনে রেখে শনিবার ফের রাস্তায় নামছে সিপিআইএম। দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ৪ জুলাই, দুপুর ১টা থেকে শিয়ালদহ স্টেশন ও হাওড়া স্টেশন থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত শ্রমজীবীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
বাম শিবিরের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রেল স্টেশন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি রানিং হকারদের জরিমানা বৃদ্ধি ও হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সিপিআইএমের বক্তব্য, হকারদের জীবিকা সুরক্ষিত না করে শুধুমাত্র উচ্ছেদ অভিযান চালানো হলে হাজার হাজার শ্রমজীবী পরিবার বিপদের মুখে পড়বে।

মিছিলে মূলত চারটি দাবি তুলে ধরা হবে—
স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ নয়
রেল হকারদের উপযুক্ত পুনর্বাসন
রানিং হকারদের জরিমানা বৃদ্ধি প্রত্যাহার
রেলবস্তি উচ্ছেদ অবিলম্বে বন্ধ
রাজনৈতিক মহলের মতে, হকার ইস্যুতে জনমত গড়ে তুলতেই ফের পথে নামছে বাম শিবির। উল্লেখ্য, এই ইস্যুতে প্রথমে সিপিএম সরব হলেও পরে তৃণমূল কংগ্রেস-ও বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি শুরু করে। ফলে শ্রমজীবী ও হকারদের জীবিকার প্রশ্ন এখন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

সিপিআইএম নেতৃত্বের দাবি, এই আন্দোলন কোনও দলীয় কর্মসূচি নয়, বরং ‘জীবিকার অধিকারের লড়াই’। তাই শনিবারের মিছিলে বিভিন্ন শ্রমজীবী সংগঠন, রেল হকার সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

