ভারতীয় সেনার সঙ্গে হাস্যকর তুলনা, কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য পাক সেনাপ্রধানের

Pak Army Chief controversial Kashmir remarks

Upload By K. Halder at 17th March 2025, 06:13 PM

বঙ্গবার্তা ব্যুরো,
প্রবাসী পাকিস্তানিদের এক সভাতে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সেনাকে খাটো করে দেখানোর পাশাপাশি কাশ্মীর নিয়েও বিতর্কিত মন্তব্য করলেন পাক সেনাপ্রধান।পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন,“কাশ্মীর ইসলামাবাদের ‘জীবনরেখা’ ছিল, আছে এবং থাকবে।” তাঁর কথায়, “কাশ্মীর হল পাকিস্তানের জিউগুলার ভেন।“ তিনি আরও বলেন, “আমরা একে ভুলবো না।


পাশাপাশি তিনি ১৯৪৭ সালের দেশভাগের ভিত্তি হিসেবে বিবেচিত দুই-জাতি তত্ত্বকেও সমর্থন জানিয়েছেন। ভারত ও পাকিস্তানকে দুই আলাদা জাতি হিসেবে তুলে ধরে জেনারেল মুনির বলেন, “আমরা এক জাতি নই। এই কারণেই আমাদের পূর্বপুরুষরা এই দেশ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন। তাদের এবং আমাদের অনেক ত্যাগের ফসল এই পাকিস্তান। আমরা জানি কীভাবে একে রক্ষা করতে হয়।


এদিন কথা প্রসঙ্গে বালোচ বিদ্রোহীদের কথা তোলেন পাক সেনা প্রধান।বেশ কয়েকমাস ধরে বালোচ বিদ্রোহীদের দাপটে কাঁপছে পাকিস্তানের পশ্চিম প্রান্ত।পাক সেনার শত চেষ্টা সত্ত্বেও বালোচ বিদ্রোহীদের দমন করা যায়নি।তিনি বালোচ বিচ্ছিন্নতাবাদীদের হুঁশিয়ারি দিতে গিয়ে হাস্যকরভাবে ভারতীয় সেনার তুলনা টেনে আনেন।তিনি বলেন, “আপনাদের কি মনে হয় এই জঙ্গিরা পাকিস্তানের ভাগ্য বদলে দেবে? আমরা ১৩ লক্ষ ফৌজের ভারতীয় সেনাকেই ভয় পাই না। তাহলে এই জঙ্গিরা কী করে পাক সেনাকে হারাবে?”