উচ্চশিক্ষা দফতরের নতুন বিজ্ঞপ্তি, একাধিক কলেজের পরিচালন সমিতির দায়িত্বে জনপ্রতিনিধিরা
Published by -Jyotirmay Dutta: Posted 22.08.2026 at 10:15 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত
রাজ্যের ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে বড়সড় রদবদল করল উচ্চশিক্ষা দফতর। শুক্রবার, ২১ অগস্ট জারি করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজগুলির পরিচালন সমিতির সভাপতি হিসাবে ২৪৭ জনকে মনোনীত করা হয়েছে। নতুন সভাপতিরা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কলেজগুলিতে আগে নিযুক্ত প্রশাসকদের কার্যকাল শেষ হবে।
উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ (প্রশাসন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৭-এর ৫(১)(i) এবং ৪(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মনোনীত সভাপতিদের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই এই পরিবর্তন কার্যকর হবে।
একাধিক কলেজের পরিচালন সমিতিতে বিধায়ক-সাংসদ
জেলা ভিত্তিক প্রকাশিত তালিকায় নজর কেড়েছে জনপ্রতিনিধিদের নাম। রাজ্যের বিভিন্ন জেলার একাধিক সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বর্তমান বিধায়ক, সাংসদ এবং প্রাক্তন বিধায়কদের।
বীরভূমের বোলপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। রামপুরহাট কলেজের দায়িত্ব পেয়েছেন বিধায়ক ধ্রুব সাহা।
কলকাতার একাধিক কলেজের ক্ষেত্রেও জনপ্রতিনিধিদের নাম রয়েছে তালিকায়। আশুতোষ কলেজে স্বপন দাশগুপ্ত, বঙ্গবাসী কলেজে সজল ঘোষ এবং বিদ্যাসাগর কলেজের বিভিন্ন শাখায় তাপস রায়ের নাম রয়েছে।
উত্তর ২৪ পরগনাতেও একাধিক জনপ্রতিনিধি
উত্তর ২৪ পরগনার একাধিক কলেজের পরিচালন সমিতিতেও নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। বারাসত কলেজে শঙ্কর চট্টোপাধ্যায়, চৈতন্য কলেজে সাংসদ শান্তনু ঠাকুর এবং মহাদেবানন্দ মহাবিদ্যালয়ে বিধায়ক পবন কুমার সিংহকে সভাপতি করা হয়েছে বলে বিজ্ঞপ্তির তালিকায় উল্লেখ রয়েছে।
উত্তরবঙ্গের কলেজেও বদল
উত্তরবঙ্গের একাধিক কলেজও রয়েছে নতুন তালিকায়। কোচবিহার কলেজে রথীন্দ্র বসু, বালুরঘাট কলেজে সাংসদ সুকান্ত মজুমদার এবং জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ ও ময়নাগুড়ি কলেজে সাংসদ জয়ন্ত কুমার রায়ের নাম রয়েছে।
ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন ব্যবস্থায় একসঙ্গে বড় পরিবর্তন এল।
‘তাৎক্ষণিক ভাবে’ কার্যকর নতুন নিয়োগ
উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নতুন সভাপতিদের এই মনোনয়ন তাৎক্ষণিক ভাবে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনোনীত ব্যক্তিরাই সংশ্লিষ্ট কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
একসঙ্গে ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে এই রদবদলকে তাই উচ্চশিক্ষা প্রশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

