বাইশ সালের পর থেকে নির্বাচনবন্ধ, এবারও মোহনবাগান ক্লাব নির্বাচন হওয়া নিয়ে সংশয়

Published By Subrata Halder, 08 June 2025, 10:15 p.m

বঙ্গবার্তা ব্যুরো,
মোহনবাগান ক্লাবে পরিচালনার ভার কাদের হাতে থাকবে, সেই নির্বাচন নিয়েই কয়েক মাস ধরেই বিতর্ক পাক খাচ্ছে ময়দানে। তবে অভিজ্ঞদের মতে ২০২২ সালের পর থেকেই বন্ধ নির্বাচন। এবারেও তার অন্যথা হবে না। দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু গোষ্ঠী মিলে মিশে কমিটি গঠন করছেন। সোমবারেই স্পষ্ট হয়ে যাবে ক্লাব পরিচালনার সমীকরণ। ২২ জনের কমিটিতে সভাপতি ও সহ সভাপতি উভয় পক্ষ থেকেই ১০ জন করে প্রতিনিধি থাকবেন কমিটিতে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না নির্বাচন হোক মোহনবাগান ক্লাবে। এই বার্তা পাওয়ার পরেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দলের মুখপাত্র কুণাল ঘোষ দু পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। শনিবার পার্ক স্ট্রিটের এক অভিজাত ক্লাবে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন মধ্যস্থাকারীরা।
নবান্নের কৌশল ছিল স্পষ্ট। তৃণমূল কংগ্রেস চাইছিল না মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের নির্বাচন রাজনৈতিক সংঘাতের রূপ নিক। মোটামুটি বিরাট বদল না হলে নির্বাচন হচ্ছে না। তা ছাড়া মনোনয়ন জমা নেওয়ার পর্ব এখনও চলছে। যার শেষ দিন হল সোমবার ৯ জুন।
মোহনবাগান নির্বাচনে, তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বের সুযোগে সিপিএমও ময়দানে সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সূত্রের খবর, নবান্ন থেকে নির্দেশ আসে যে ভোট না করেই কমিটি গঠন করতে হবে। সেই নির্দেশে তৈরি হয়েছে একটি সমঝোতার পরিকাঠামো, যার রূপরেখা নির্ধারণে মধ্যস্থতা করেন রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী।
সোমবার হয়তো ক্লাব সভাপতি দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু একযোগে সাংবাদিক সম্মেলন করতেপারেন। মন্দিরতলার নির্বাচনী প্রচারে সেই আভাস দিয়ে গিয়েছেন সৃঞ্জয় বসু। তবে বড়ো খবর, মোহনবাগান ক্লাবের সংবিধানে বদল হচ্ছে। ক্ষমতা বাড়ছে ক্লাব সভাপতির। মোহনবাগানে নতুন আলঙ্কারিক পদ তৈরি করা হবে। আইএফএ-র মতো এবার মোহনবাগান ক্লাবেও আসতে চলেছে চেয়ারম্যান পদ। সূত্রের খবর, সেই চেয়ারম্যান পদেই বসানো হবে টুটু বসুকে।