ইংল্যান্ডে প্রস্তুতি শুরু গিলদের, কতটা ফিট বুমরাহ ?

Published by Subrata Halder, 08 June 2025, 10:20 p.m

ইংল্যান্ড সফরে গিয়ে প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটারদের মূলত ফিটনেসের উপরই জোর দেওয়া হয়। ইন্ডোর ও আউটডোরে যতটা সম্ভব হালকা ট্রেনিং করা হয়। শুভমান গিলের নেতৃত্ব খেলতে নামবে ভারত। । লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইন্ডোরে ফুটভলি-তে ওয়ার্ম আপ। এরপর স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুশীলন করে ভারতীয় দল। অর্শদীপ সিং, সাই সুদর্শনদের জন্য এই সিরিজ টার্নিং পয়েন্ট হতে পারে। লাল-বলে প্রথম সুযোগ কাজে লাগানোয় নজর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুশীলনের ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।সেই সঙ্গে লেখা হয়েছে, প্রস্তুতি শুরু। ইংল্যান্ডে ভারতীয় দলের অনুশীলনের প্রথম দৃশ্য। ভিডিওতে দেখা গিয়েছে, নতুন অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ মাঠের দিকে যাচ্ছেন। প্রথমে লর্ডসের ইন্ডোর স্টেডিয়ামে যান তাঁরা। সেখানে ওয়ার্ম আপ সারেন ক্রিকেটারেরা। তার পরে তাঁরা যান মূল মাঠে। সেখানে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমন প্রথমে সকলের সঙ্গে করেন তার পর মাঠে শুরু হয় পুরো দস্তুর অনুশীলন।

১৫ জনের দলের সবাই অবশ্য অনুশীলনে ছিলেন না। অভিমন্যু ঈশ্বরন, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি ও শার্দূল ঠাকুর ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলছেন। চার দিনের সেই প্রস্তুতি ম্যাচ শেষে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা।
এদিকে জসপ্রীত বুমরাহের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। বর্ডার গাভাসকর ট্রফিতে বুমরাহ একটি টেস্টে নেতৃত্বে দিয়েছিলেন। আবার শেষ টেস্টে অধিনায়ক হলেও চোটের জন্য খেলতে পারেননি। বুমরাহ কি টানা পাঁচ ম্যাচ বল করতে পারবেন? জানা যাচ্ছে, বুমরাহ তিনটি টেস্টে বল করার জন্য তৈরি। ফলে বোলিং বি্ভাগ নিয়ে ভাবতে হবে কোচ গৌতম গম্ভীরকে।

২০ জুন হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। পরের চারটে টেস্ট হবে এজবাস্টন, লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে। ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় জিততে পারেনি ভারত।