Published by Subrata Halder, 13 June 2025, 05:44 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ বচ্চন ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ ও পদ্ধতি নষ্ট করছেন। নিজেই নিজের ব্লগে এই কথা জানিয়েছেন অভিনেতা।
কিছুদিন আগে অমিতাভ জানিয়েছেন, মাত্র দুঘণ্টার মধ্যে তিনি পাঁচটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। এখান থেকেই সমস্যার সূত্রপাত। অমিতাভ তার ব্লগে জানান, কাজ করে তিনি আনন্দ পান। তিনি লিখেছেন, মাত্র দু’ঘণ্টার মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চিত্র ও দুটি ফটোশুটের কাজ শেষ করেছি। সবকটিই বিজ্ঞাপনের জন্য। কিন্তু তাও সহজ বিষয় নয়। কিন্তু ইন্ডাস্ট্রির লোকজনের ক্ষোভ,
এত অল্প সময়ে কাজ শেষ করার বিষয়টি প্রকাশ্যে আনায় কাজের পদ্ধতি নষ্ট হচ্ছে। অমিতাভ লেখেন, কলাকুশলী ও আমার নির্মাতা বন্ধু বলেছেন, আমি নাকি কাজের পদ্ধতি নষ্ট করছি। সেই কলাকুশলী ও পরিচালকের অমিতাভকে বলেছেন, ‘এতগুলো দিনের কাজ যদি আপনি অর্ধেক দিনেই শেষ করে ফেলেন, তা হলে ক্লায়েন্টের পক্ষ থেকে আরও বেশি করে ছবি তৈরি করার নির্দেশ আসবে। এইভাবে কাজ করলে সবার জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।
কিন্তু অমিতাভের বক্তব্য, তিনি এভাবেই কাজ করতে ভালোবাসেন। কলাকুশলী ও প্রযোজকের সুবিধার কথা মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করতে পছন্দ করেন বলেও জানান তিনি।
অমিতাভের অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি এডি ২৮৯৮। এতে তাকে বেশ কিছু লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসা লাভ করেছে।

