হংকংয়ে হার নিয়ে বাইচুং ও কল্যাণ চৌবের দ্বন্দ্ব চরমে

Published by Subrata Halder, 13 June 2025, 08:26 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের কাছে হার ভারতীয় ফুটবলে সাম্প্রতিক অতীতে সবচেয়ে লজ্জার। এই হারের পর রীতিমতো বিধ্বস্ত ভারতীয় ফুটবল মহল। সুনীল ছেত্রীদের এশিয়ান কাপের মূল পর্বে খেলারও আশাও প্রায় শেষ। তারই মধ্যে এই শোচনীয় অবস্থার জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে দায়ী করেছেন বাইচুং ভুটিয়া। তবে তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
তিনি বলেন, কয়েকজন মিলে তার বিরুদ্ধে অপ্রচার করছেন। যারা এই ধরনের অপ্রচার করছেন তারা আগে ফেডারেশনে যুক্ত ছিলেন, না হলে আমার কাছে নির্বাচনে হেরেছেন। আমার ও আমার পরিবারের দিকে অভিযোগের আঙুল উঠছে। কিন্তু আমি শুধু তথ্য নিয়ে কথা বলতে চাই।
এখানেই থেমে না থেকে প্রাক্তন ভারত অধিনায়কের নাম করে কল্যাণ বলেন, বাইচুং সম্মানীয় ফুটবলার। আমাদের দেশের অন্যতম সেরা স্ট্রাইকার। কিন্তু ও এআইএফএফের পরামর্শদাতা ছিল। দেড় লক্ষ টাকা বেতন পেত। তাছাড়া ওর অন্যান্য খরচও দেওয়া হয়। ও এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে উপস্থিত থাকত। সেখানেই তো ফেডারেশনের দুনীতির কথা বলতে পারত, তা না করে এখন বলছে কেন।
ভারতীয় ফুটবলে বদলের ডাক দিয়ে ২০২২ সালে এআইএফএফ সভাপতি পদে ভোটে দাঁড়িয়েছিলেন বাইচুং। কিন্তু কল্যাণ চৌবের কাছে হেরে যান।হংকংয়ের কাছে হারের পর বাইচুং ফেডারেশন সভাপতির বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ করেন। এক মাস পেরিয়ে গেলেও আমরা জানি না, আই লিগ চ্যাম্পিয়ন কারা হয়েছে। দেড় বছরে তিনবার ফেডারেশনের সচিব বদলে গেল। ফেডারেশনের আপাদমস্তক বদল দরকার।
ভারতীয় দলের উপযুক্ত স্ট্রাইকারের অভাব মেনে নিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এর জন্য ঘরোয়া লিগে আরও বেশি ভারতীয় স্ট্রাইকারদের দেখতে চান তিনি। ভারতীয় ফুটবল দলে ওসিআই ফুটবলার নেওয়ার জন্য নিজেদের সাধ্যমত চেষ্টা করছে ফেডারেশন, জানালেন এআইএফএফ সভাপতি ।