বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
ভারত ও ব্রিটেনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল। লন্ডনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বৈঠক হয়। বৈঠক শেষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস।
তিন বছর ধরে আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা।
চুক্তির ফলে ভারতের জন্য তৈরি হবে নতুন প্রবৃদ্ধির সুযোগ, দক্ষতা উন্নয়ন, এবং বিভিন্ন খাতে কর্মসংস্থানের পথ। তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা, পেশাদার পরিষেবা, ব্যবস্থাপনা পরামর্শ, স্থাপত্য এবং প্রকৌশল খাতে চাকরির সুযোগ তৈরি হবে।
এছাড়াও ভারতীয় উদ্যোক্তা এবং স্নাতকরা যুক্তরাজ্যে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।
কিয়ার স্টার্মার বলেন, ভারতের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ব্রিটেনের জন্য একটি বড় সাফল্য। কারণ এর ফলে দুই দেশে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে, ব্যবসার জন্য নতুন সুযোগ খুলে যাবে এবং অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এটি দুই দেশের প্ল্যান ফর চেঞ্জ এর একটি বড় ধাপ বলে দাবি করেন স্টার্মার
চুক্তির অংশ হিসেবে ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন বিনিয়োগ ঘোষণা করেছে
এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আর্থিক বিশেষজ্ঞদের মত।

