বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
এশিয়া কাপ নিয়ে যাবতীয় জটিলতার অবসান হল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, পাঁচটি টেস্ট খেলিয়ে দেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং তিনটি সদস্য দেশ আরব আমির শাহি, ওমান এবং হংকং এশিয়া কাপে অংশ নেবে। মহসিন নাকভি নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ২০২৫ সালের এশিয়া কাপ পুরুষ বিভাগের টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আমরা দারুণ ক্রিকেটের প্রদর্শনী প্রত্যাশা করছি। বিস্তারিত সময়সূচি খুব শীঘ্রই জানানো হবে।
এটি কার্যত ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি পর্ব হিসেবেই বিবেচিত হচ্ছে। টুর্নামেন্টের কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যাতে গ্রুপ পর্বেই অন্তত একটি ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত থাকে। ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকবাজ়ের প্রতিবেদনে বলা হয়েছে এশিয়া কাপের ম্যাচগুলি হতে পারে দুবাই এবং আবু ধাবিতে। আটটি দলকে দু’টি দলে ভাগ করা হবে। একই গ্রুপে রাখা হতে পারে ভারত এবং পাকিস্তানকে। তিন বার মুখোমুখি হতে পারে দু’দেশ।
তবে তাতে বিসিসিআই আদৌ কতটা রাজি হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। তার আগে ম্যাচ নিয়ে সমালোচনাও কম হয়নি। এই পরিস্থিতিতে ভারত-পাক ম্যাচ কীভাবে হয় তার দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেট মহল।

