বয়স ভাঁড়িয়ে খেলা বন্ধ করতে ক্রিকেট বোর্ডের কড়া অবস্থান

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

বয়স ভাঁড়িয়ে খেলা বন্ধ করতে এবার আরও কঠোর পদক্ষেপ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের বয়স যাচাইয়ের জন্য বহিরাগত সংস্থা নিয়োগের পরিকল্পনা করেছে বিসিসিআই।

সম্প্রতি একটি আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে স্বনামধন্য সংস্থাগুলিকে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই বহিরাগত সংস্থাটি আগস্ট মাসের শেষদিকে কাজ শুরু করতে পারে। তবে হঠাৎ এমন অবস্থানের কারণ কি সে সম্পর্কে জানা যায়নি। তবে বিশেষ সূত্রে অনুমান, সম্প্রতি সন্দেহজনক কিছু নথি বা সনদ জমা পড়ে, এর পরেই নড়েচড়ে বসে বিসিসিআই।

বহিরাগত সংস্থা নিয়োগের লক্ষ্য, বয়সের প্রমাণ পদ্ধতিকে আরও পেশাদার করে তোলা এবং অতিরিক্ত বয়সে খেলোয়াড়রা যাতে ক্রিকেট কাঠামোর মধ্যে ঢুকে পড়তে না পারে, সেজন্যই এই শক্তিশালী বাছাই প্রক্রিয়া তৈরি করা। সাধারণত দু স্তরের বয়স যাচাই ব্যবস্থা অনুসরণ করে বিসিসিআই। প্রথম ধাপে নথি ও জন্ম সনদের পর্যালোচনা করা হয় এবং দ্বিতীয় ধাপে বোন বা হাড়ের টেস্ট করা হয়।

সাধারণত ছেলেদের ক্ষেত্রে অনূর্ধ্ব ১৬ এবং মেয়েদের ক্ষেত্রে অনূর্ধ্ব ১৫ পর্যায়ে এই যাচাইকরণ করা হয়।
বিসিসিআইয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,সেই সকল সংস্থা আবেদন করতে পারবে যাদের এই ধরনের কাজে, কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। গ্রামাঞ্চলে প্রয়োজনে মাঠপর্যায়ে যাচাই করার সক্ষমতাও থাকতে হবে।

বিসিসিআই সাধারণত প্রতিবছরই জুলাই ও আগস্টে বয়স যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে। তবে এবার সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। কারণ নতুন সংস্থাটি আগস্ট মাসের শেষে কার্যকর হবে। এই যাচাই রাজ্যভিত্তিক হয়ে থাকে। এর আগে এই বয়স যাচাইকরণ প্রক্রিয়া বিসিসিআই নিজেরাই করতো। এবারের সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, বোর্ড এই প্রক্রিয়ায় আরও দৃঢ়তা ও পেশাদারিত্ব আনতে উদ্যোগী।