বড় জয় মোহনবাগানের, জোড়া গোল লিস্টনের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ডুরান্ড কাপে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান এসজি। সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে বিএসএফকে ৪-০ গোলে হারাল মোহনবাগান। দুই গোল লিস্টনের। বাকি দুটো গোল সাহাল আব্দুল সামাদ এবং মনবীর সিংয়ের।

২৪ মিনিটে গোল করেন মনবীর সিংহ। বাঁ দিক থেকে রোশনের ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। তবে প্রথমার্ধে আর মোহনবাগান গোল করতে পারেননি।ফলে এক গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু’টি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন কোলাসো। তাঁর দ্বিতীয় গোলের তিন মিনিট পরেই চতুর্থ গোল করে জয় সুনিশ্চিত করেন সহাল। এই নিয়ে দুই ম্যাচে সাত গোল করল আইএসএলের জোড়া খেতাবজয়ীরা।

সাহাল সামাদের সঙ্গে পাস খেলে পৌঁছে যান বক্সে। বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণ করে নিচু শট নেন লিস্টন। বল জালে জড়িয়ে যায়। পাঁচ মিনিট পরে আবার গোল করে মোহনবাগান। এ বারও সেই লিস্টন। একাই বিএসএফের বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়ে গোল করেন। মোহনবাগানের পরের ম্যাচে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে।

মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ, টম অ্যালড্রেড, অনিরুধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, লিওয়াল কাস্তানা, সুহেল ভাট, রোশন সিং

বিএসএফ : সংযোগ ঝা, ইশান গুপ্তা, নভজোৎ সিং, কিশোরী, হরমনদীপ সিং, খার বরলং, নভজোৎ পানেসর, পীয়ূষ ভান্ডারি, মহম্মদ আসিফ, হরপ্রীত সিং, লখবিন্দর সিং