বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- আইএফএ
কলকাতা লিগে জয়ের সরণীতে ফিরল ইস্টবেঙ্গল। কালীঘাটকে ১-০ গোলে হারাল লাল হলুদ। কার্ড সমস্যায় ডেভিড লালানসাঙ্গা এবং প্রভাত লাকরা নির্বাসিত ছিলেন। চোটের কারণে পাওয়া যায়নি মনতোষ মাজি, জেসিন টিকে, মনোতোষ চাকলাদারদের। শুক্রবার কালীঘাট এসএলএ’র বিরুদ্ধে সেই সিনিয়র দলের সদস্যদের উপরেই ভরসা রেখেছিলেন দলের কোচ। সিনিয়র দলের দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তী এবং এডমুন্ড লালরিনডিকাকে প্রথম একাদশে রাখেন বিনো জর্জ। তবে খেলায় তেমন ঝাঁজ লক্ষ্য করা যায়নি লাল–হলুদের। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও তা একেবারেই কাজে লাগেনি।
দলের মধ্যে বোঝাপড়ার অভাবও ছিল স্পষ্ট। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তার ফলও পায় হাতেনাতে। ভানলালপেকা গুইতে এগিয়ে দেন লাল-হলুদকে। এরপর অবশ্য আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত কালীঘাটকে হারিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। জেসিন টিকে না থাকায় সমস্যা হচ্ছে লাল-হলুদের। এদিনের ম্যাচ জিতলেও গোল করার মতো ফুটবলারের অভাব দেখা যাচ্ছে। শুক্রবারও সেই অভাব দেখা গেল। জয় এলেও এই চিন্তা রয়েই গেল। দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে হবে ইস্টবেঙ্গলকে।
গতবারের লিগের চ্যাম্পিয়নশিপ এখনও নির্ধারিত না হলেও, বাকি দলগুলির চেয়ে অনেক এগিয়ে ইস্টবেঙ্গল। এবার অবশ্য শুরুতেই পরপর ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে লাল-হলুদ ব্রিগেড। ৮ ম্যাচে চারটি জয় এবং দু’টি ড্রয়ের ফলে ১৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে এক ধাপ উঠে আপাতত তৃতীয় স্থানে রয়েছে লাল হলুদ। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে লিগ তালিকায় পঞ্চম স্থানে।

