ইংল্যান্ডে সাফল্য দেশে ফিরে রহস্য ফাঁস করলেন আকাশদীপ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সকলের নজর কেড়েছেন তারকা পেসার আকাশদীপ। সিরিজ ড্র করে দেশে ফেরার পরই নতুন গাড়ির মালিক হয়েছেন আকাশদীপ।

ইংল্যান্ডে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে সংবাদমাধ্যমে আকাশদীপ জানিয়েছেন, আমি কখনও আশার উপর নির্ভর করে ক্রিকেট খেলিনি। সেই রাতে আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আউট হব না। ঠিক করেছিলাম, কোনও খারাপ শট খেলব না। যদি ভাল বলে আউট হই তো কিছু করার নেই।

একইসঙ্গে আকাশদীপ বলেন, ক্রিকেটে সেটা হতেই পারে। যদি রান করতে না পারি, সমস্যা নেই। আমার লক্ষ্য ছিল উইকেটে পড়ে থাকা। নিজেকে উদ্বুদ্ধ করেছিলাম। তাতে ব্যাট করতে সুবিধা হয়েছে।

বেন ডাকেট প্রসঙ্গে আকাশদীপ বলেছেন, আমার ডাকেটের বিরুদ্ধে ভাল রেকর্ড আছে, কয়েকবার আউট করেছি। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে আমি সবসময় আত্মবিশ্বাসী, সে-ও আলাদা কিছু নয়।’ একইসঙ্গে তাঁর বক্তব্য, ওই দিন ও আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, অনেক অপ্রচলিত শট খেলছিল। তখনই ও বলল, আজ আমার দিন, তুমি আমাকে আউট করতে পারবে না।

বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলা তরুণ পেসার প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। আর প্রথমবারেই চমক দেখিয়েছেন। এজবাস্টনে ভারতকে বল হাতে জেতানোর পর আকাশ জানান যে, এই সাফল্য তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করা দিদিকে উৎসর্গ করছেন। আকাশ দীপ ইংল্যান্ড থেকে দেশে ফিরেই কিনেছেন দামি গাড়ি। টয়োটা ফরচুনার কিনেছেন ডানহাতি পেসার ।