ফেসবুক লাইভে রথযাত্রার শুভেচ্ছার পাশাপাশি দলত্যাগ, কোয়েল মল্লিকের ইস্তফা এবং ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল নেত্রী
Published by -Jyotirmay Dutta: Posted 16.07.2026 at 18:05 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা, আভিজিত বসুঃ
ছবি এ আই দ্বারা নির্মিত
রথযাত্রার দিন ফেসবুক লাইভে এসে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান, যাঁদের দল ছাড়ার ইচ্ছা রয়েছে, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই দল ছেড়ে যান। তাঁর কথায়, দল ছেড়ে যাওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই; বরং যাঁরা দলের সঙ্গে থাকবেন, তাঁদের নিয়েই আগামী দিনের লড়াই এগিয়ে নিয়ে যাওয়া হবে।
লাইভের শুরুতে রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে কোয়েল মল্লিকের ইস্তফা প্রসঙ্গে বলেন, কোয়েল একজন সম্মানিত শিল্পী এবং তিনি আগেই ই-মেলের মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন। পরে ব্যক্তিগতভাবে গিয়ে ইস্তফাপত্র জমা দেন বলেও দাবি করেন তিনি।
এরপরই দলত্যাগের প্রসঙ্গে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, যাঁরা বিভিন্ন মামলা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ বা অন্য কোনও কারণে দল ছাড়তে চান, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সেই সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি আবেদন জানান, কেউ যেন দলকে কলঙ্কিত না করেন।
সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর দলত্যাগের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত-সহ একাধিক নেতা দল ছেড়েছেন। এই প্রেক্ষাপটেই মমতার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
তাঁর দাবি, এখনও যাঁরা দল ছেড়ে যাচ্ছেন, তাঁদের অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছেন। কেউ রাজনৈতিক চাপ সামলাতে পারছেন, কেউ পারছেন না—তবে তৃণমূল কোনও পরিস্থিতিতেই মাথা নত করবে না বলেই মন্তব্য করেন তিনি।
লাইভের শেষে দলত্যাগীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, “যাঁরা চলে গিয়েছেন, তাঁরা ভালো থাকুন। ২১ জুলাইয়ের পর তৃণমূল নতুন উদ্যমে পথ চলা শুরু করবে। কে গেল আর কে রইল, তা নিয়ে আমি ভাবি না। যাঁরা থাকবেন, তাঁরাই আগামী দিনের তৃণমূল গড়বেন।”

