আবাসের টাকা বিলিতে পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

Published by -Jyotirmay Dutta: Posted 06.08.2026 at 17:49 Pm

বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:

ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব

আবাস প্রকল্পের প্রথম কিস্তির অর্থ উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কোনও প্রকল্প কখনও কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নামে প্রচার করা হয় না। অথচ অতীতে রাজ্যে সরকারি প্রকল্পগুলিকে ‘দিদির স্কিম’ বা ‘পিসির স্কিম’ হিসেবে তুলে ধরা হয়েছে। তাঁর কথায়, “আজ আবাস প্রকল্পের টাকা বিতরণের মাধ্যমে প্রমাণ হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে।”

বর্তমান বাজারে সিমেন্ট ও ইস্পাতের মূল্যবৃদ্ধির কারণে বাড়ি নির্মাণের খরচ বেড়েছে উল্লেখ করে তিনি উপভোক্তাদের কেন্দ্রের অন্যান্য প্রকল্পের সুবিধা নেওয়ার পরামর্শ দেন। শ্রমিক সহায়তার জন্য সংশ্লিষ্ট সরকারি প্রকল্প এবং বিদ্যুতের খরচ কমাতে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় নাম নথিভুক্ত করার আহ্বান জানান তিনি। এতে সরকারি ভর্তুকির সুবিধা পাওয়া যাবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে দেশভাগের বেদনাদায়ক ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই অতীতের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।

যাঁদের নাম এখনও আবাস প্রকল্পের তালিকায় চূড়ান্ত হয়নি, তাঁদেরও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগ্য উপভোক্তাদের অর্থ দেওয়া হবে। একই সঙ্গে তাঁর অভিযোগ, পূর্বতন সরকার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে বাংলার মানুষকে আবাস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেছে এবং এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। তাঁর দাবি, কেন্দ্র প্রায় ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরেও প্রচার করা হয়েছিল যে কেন্দ্র অর্থ দিচ্ছে না।