Published By Subrata Halder on 01 April 2025, at 12:01pm
বঙ্গবার্তা ব্যুরো,
বাজি কাখানায় বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন রাজ্যের পুলিশ মন্ত্রী অপদার্থ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বাজি বিস্ফোরণের জন্য পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কারণ তার হাতে থাকা পুলিশ বিভাগের কাজের ফাঁক তো দেখাই যাচ্ছে।
সোমবার রাত সাড়ে নটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় বণিক পরিবারের আট জনের মৃত্যু হয় । তাদের মধ্যে দু জন সদ্যজাত সহ চার শিশুও আছে। বণিক পরিবারে ১১জন সদস্য। ঘটনার সময় তিন জন বাইরে ছিল। তারা বাদে পরিবারের সকলেই মারা গিয়েছেন। পুলিশ এই ঘটনায় দু জনের বিরুদ্ধে মামলা করেছে। এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকেই দায়ী করছেন। কেন্দ্রীয় মন্ত্রী ও দলের রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ এগুলি আসলে বাজি কারখানা নাকি বোমা তৈরির কারখানা? এই বাজি কারখানাগুলিকে তৃণমূল আশ্রিত অবৈধ বোমা তৈরির আস্তানা বলেও মন্তব্য করছেন। তার অভিযোগ, পুলিশ কেন এই বিষয়ে নীরব? আর কত নিরীহ প্রান এই ভাবে চলে যাবে। বাংলার এক শ্রেণীর মানুষ কেন এই ঘটনায় মুখ খোলেন না তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি।

