নিয়ন্ত্রণরেখায় পাক সেনার হানাদারি, যোগ্য জবাব ভারতের

PublishedPublished By Subrata Halder on 2nd April 2025 at 07:11pm

বঙ্গবার্তা ব্যুরো,
ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাল পাকিস্তান, অনুপ্রবেশের কড়া জবাব দিল ভারতীয় সেনা। বুধবার ভারতীয় সেনার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনা ভারতে প্রবেশ করে। কৃষ্ণা ঘাটি ব্রিগেডের অধীনে পরিচালিত নাঙ্গি টেকরি ব্যাটালিয়নের ওপর বিনা প্ররোচনায় হামলা চালানো হয়।১লা এপ্রিল কৃষ্ণা ঘাঁটি সেক্টরে মাইন বিস্ফোরণ ঘটায় পাক সেনারা। তারপরেই বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা বাহিনী। তারপরেই ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। ভারতের জবাবে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশকারী পাক সেনা জওয়ানদের কয়েকজন হতাহত হয়ে থাকতেও পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে সেনার তরফে কিছু জানানো হয় নি।
২০২১ সালের ২৫ শে ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে আর নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ ঘটেনি। গত ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে তথ্য মিলেছে। তবে ওই এলাকায় ৩১ শে মার্চ রাতে সীমান্তে সন্দেহজনক কিছু গতিবিধি চোখে পড়ে ভারতীয় সেনার। তারপর জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয় ওই এলাকায়। এর জেরেই ১লা এপ্রিল ভোরে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল।