বঙ্গবার্তা নিউজ
Published by -Jyotirmay Dutta: Posted 18.05.2026.2026 at 18:58pm
মৃণাল সরকার ,কোলকাতাঃ জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য ৩৯ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তার অনুমোদন মিলল। আজ (১৮.০৫.২০২৬)সোমবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ছবি-নিজস্ব
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলার মানুষ ডাবল ইঞ্জিন সরকারের উপর আস্থা রেখেছেন। তিনি দাবি করেন, গত পাঁচ বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে ২৯ হাজার কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। তাঁর অভিযোগ, মাঝখানে প্রকল্পের নাম বদলে ‘জল স্বপ্ন’ করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে ৩৯ হাজার কোটি টাকার নতুন চুক্তির মাধ্যমে প্রতিটি ঘরে নলের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। পাশাপাশি সেচ প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন কঠিন।

ছবি- সমাজমাধ্যম
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, ২০২৬ সালে ‘জল জীবন মিশন ২’ শুরু হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকার বাজেট নিয়ে, যা ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। তাঁর দাবি, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে মাত্র ১ শতাংশ গ্রামীণ পরিবারে নলের জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে ৫৬ শতাংশ হয়েছে। যদিও স্কুল ও অঙ্গনওয়াড়িতে পানীয় জল পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ ৩৩ হাজার ৩৬৩ কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং ১১ হাজার ৬৭০ কোটি টাকা অব্যবহৃত রয়েছে। গঙ্গার উপর এসটিপি তৈরির জন্য দ্রুত জমি দেওয়ার আবেদনও করেন তিনি।

ছবি- সমাজমাধ্যম

