বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, জানুয়ারি থেকে প্রতি মাসে বিদ্যুতের বিল! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

গৃহস্থ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, তিন মাসের বদলে মাসিক বিল, আইসিডিএস কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, কৃষকদের জন্য অতিরিক্ত ভর্তুকি ও বিদ্যুৎ পরিকাঠামোয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা।

Published by -Jyotirmay Dutta: Posted 22.07.2026 at 20:59 pm

বঙ্গবার্তা নিউজ, কলকাতা,সর্নিকা দত্ত:

ছবি এ আই দ্বারা নির্মিত

রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের বাজেট আলোচনার জবাবি ভাষণে তিনি জানিয়েছেন, বাড়িতে স্মার্ট মিটার বসানো আর বাধ্যতামূলক নয়। পাশাপাশি বহুদিনের তিন মাস অন্তর বিদ্যুতের বিল দেওয়ার নিয়মও পরিবর্তন করা হচ্ছে। আগামী জানুয়ারি মাস থেকে গ্রাহকদের প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে।

বুধবার বিধানসভায় ৫,৩৪১ কোটি ৪৯ লক্ষ ১ হাজার টাকার বিদ্যুৎ বাজেট পেশ হয়। বাজেট আলোচনায় মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গৃহস্থ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় এবং রাজ্য সরকারও সেই নীতিই অনুসরণ করবে।

গ্রাহক পরিষেবায় বড় পরিবর্তন

সরকারের দাবি, বিদ্যুৎ পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে গ্রামীণ এলাকায় কাস্টমার কেয়ার সেন্টারের কর্মী সংখ্যা দ্বিগুণ করা হবে। পাশাপাশি বাড়ানো হবে নাইট মোবাইল ভ্যানের সংখ্যাও, যাতে অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা যায়।

আইসিডিএস কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ

রাজ্যের ৫৪ হাজার অঙ্গনওয়াড়ি (আইসিডিএস) কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে শিশু, গর্ভবতী মহিলা এবং কর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই সমস্যা দূর করতে সরকার ঘোষণা করেছে, সমস্ত আইসিডিএস কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, আলো এবং পাখা বসানো হবে। এই দায়িত্ব পালন করবে WBSEDCL

মেয়েদের জন্য বিশেষ উদ্যোগ

কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) তহবিলের সাহায্যে রাজ্যের ১,০০০ উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও ঘোষণা করা হয়েছে।

কৃষকদের জন্য বাড়তি সুবিধা

রাজ্যে কার্যকর করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ‘PM Kusum’ প্রকল্প। এর মাধ্যমে কৃষি পাম্প ধীরে ধীরে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি ১ আগস্ট ২০২৬ থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিটে অতিরিক্ত ২ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার।

বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন

পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থাকে উৎসাহ দিতে PM E-Drive প্রকল্পের অধীনে রাজ্যজুড়ে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তোলা হবে। এই প্রকল্পের নোডাল সংস্থা হিসেবে কাজ করবে WBSEDCL

বিদ্যুৎ পরিকাঠামোয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ

বিদ্যুৎ উৎপাদন ও নবীকরণযোগ্য শক্তিতে বড় বিনিয়োগেরও ঘোষণা করা হয়েছে।

  • বক্রেশ্বরে ১০,৯৭০ কোটি টাকায় ৮০০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ২,০১৪ কোটি টাকায় ২০০ মেগাওয়াট ফ্লোটিং সোলার প্রকল্প ও ব্যাটারি স্টোরেজ
  • কোলাঘাটে ব্যাটারি স্টোরেজ প্রকল্পে ১,২৩৮ কোটি টাকা
  • সৌরবিদ্যুৎ প্রকল্পে ১৮৩ কোটি টাকা
  • ডিভিসির সঙ্গে যৌথ উদ্যোগে পাঞ্চেতে ১,০০০ মেগাওয়াট পাম্প স্টোরেজ প্রকল্প

এছাড়াও সীমান্তবর্তী ৯টি জেলায় ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পে বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণে ১৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে।

বিরোধীদের কটাক্ষ

বাজেটের শেষে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার “Of the People, For the People, By the People” নীতিতে পরিচালিত হচ্ছে এবং জনগণের স্বার্থেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, এটি দুর্বল নয়, শক্তিশালী সরকার, এবং আগামী পূর্ণাঙ্গ বাজেটে “ডবল ইঞ্জিন সরকারের” আরও বড় পরিকল্পনা তুলে ধরা হবে।