বাংলা অ্যাকাডেমিতে সাংবাদিক বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতা, অভিন্ন দেওয়ানি বিধি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা ও মাদ্রাসা শিক্ষা নিয়ে একাধিক স্পষ্ট মন্তব্য নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিনের।
Published by -Jyotirmay Dutta: Posted 02.08.2026 at 20:45 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,সর্নিকা দত্ত:
ছবি এ আই দ্বারা নির্মিত
দীর্ঘদিন পর আবার কলকাতায় ফিরলেন নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন। রবিবার বাংলা অ্যাকাডেমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি মতপ্রকাশের স্বাধীনতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) এবং ধর্মীয় শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। একইসঙ্গে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
কলকাতায় প্রবেশাধিকার নিয়ে অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তাসলিমা বলেন, এক সময় তাঁকে শহর ছাড়তে হয়েছিল, পরে দীর্ঘদিন কলকাতায় আসার অনুমতিও পাননি। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, এবার তাঁকে শুধু আসার সুযোগই দেওয়া হয়নি, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তবে তাঁর বক্তব্য, কোনও নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং প্রত্যেক ভিন্নমতাবলম্বীরই সমানভাবে মতপ্রকাশ ও অবাধ চলাচলের অধিকার নিশ্চিত হওয়া উচিত।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তর মন্তব্য করেন তাসলিমা। তাঁর দাবি, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন প্রথমদিকে ন্যায্য হলেও পরবর্তীকালে আন্দোলনের চরিত্র বদলে যায়। তাঁর অভিযোগ, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে উগ্রপন্থী শক্তির উত্থান ঘটে, যার প্রভাব আজও বাংলাদেশে দেখা যাচ্ছে। একইসঙ্গে কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা কখনও সমাধান নয়।
নারী ও সংখ্যালঘুদের সমান অধিকারের প্রশ্নে তিনি ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—এই উপমহাদেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে মত প্রকাশ করেন। তাঁর বক্তব্য, “এক দেশ, এক আইন—সবার জন্য সমান আইন হওয়া উচিত।”

