বঙ্গবার্তা ব্যুরো,
ফাইল ছবি
সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । জামিনের মেয়াদ দীর্ঘস্থায়ী হোল না, একই মামলায় ইডির হাতে আবারও গ্রেপ্তার হলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে আন্দি গ্রামে তাঁর বাড়িতে ইডি তল্লাশি চালায়। টানা চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর বিধায়ককে গ্রেপ্তার করা হয়। তাঁকে বড়ঞা থেকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আজই পেশ করা হবে ব্যাঙ্কশাল কোর্টে।
এছাড়াও বিধায়কের বাড়ির অদূরে মহিষ গ্রামের বাসিন্দা বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেয় ইডির আরেকটি দল। ইডির অভিযান চলছে বীরভূমের সাঁইথিয়াতেও।
অন্যদিকে, জীবনকৃষ্ণর পিসি মায়া সাহা সাঁইথিয়ার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নিয়োগ দুর্নীতিতে তিনিও জড়িত বলে সন্দেহ করছে ইডি। তাই তাঁর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে বলে খবর। এছাড়া রাজ্যের আরও দুই জায়গায় চলছে ইডির অভিযান।

