সিকিম টানেল ট্র্যাজেডিতে মৃত বেড়ে ২২, রাতভর উদ্ধার অভিযান! বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

নামচির সামারদুংয়ে তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে বিস্ফোরণের পর উদ্ধারকাজে ইসিএল-সহ একাধিক বিশেষজ্ঞ দল। দুর্ঘটনার কারণ জানতে আইজি তাশি ওয়াংয়ালের নেতৃত্বে হাই-লেভেল কমিটি।

Published by -Jyotirmay Dutta: Posted 23.07.2026 at 16:25 pm

বঙ্গবার্তা ওয়েব ডেস্কঃ

ছবি এ আই দ্বারা নির্মিত

সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গে এলাকার সামারদুংয়ে নির্মীয়মাণ তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের ADIT-III টানেলে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২-এ পৌঁছেছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলা উদ্ধার অভিযানে আরও কয়েকটি দেহ উদ্ধার হওয়ার পর এই তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। এখনও টানেলের ভিতরে নিখোঁজ শ্রমিকদের খোঁজে জোরকদমে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

দুর্ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর দ্বিতীয় বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেয়। টানেলের জটিল ও ঝুঁকিপূর্ণ পরিবেশ সত্ত্বেও গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে উদ্ধারকাজ চালিয়ে যায় বিশেষজ্ঞ দলগুলি। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, প্রশাসন এবং প্রকল্প কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় রেখে অভিযান পরিচালিত হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি (High-Level Committee) গঠন করেছে সিকিম সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিস্ফোরণের উৎস, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা খতিয়ে দেখে বিস্তারিত সুপারিশ জমা দেবে কমিটি।

তদন্ত কমিটির চেয়ারপার্সন করা হয়েছে সিকিম পুলিশের আইন-শৃঙ্খলা বিভাগের আইজি তাশি ওয়াংয়াল (IPS)-কে। সদস্য হিসেবে রয়েছেন খনি ও ভূতত্ত্ব দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর ফিগু শেরিং ভুটিয়া, অতিরিক্ত ডিরেক্টর কেশার লুইটেল এবং সদস্য-সচিব হিসেবে সিআইডির ডিআইজি তেনজিং লোডেন লেপচা (IPS)

রাজ্য সরকার জানিয়েছে, মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের পাশে প্রশাসন সবসময় থাকবে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত এবং প্রত্যেক নিখোঁজ শ্রমিকের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।