দিল্লিতে জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক বিজেপি সভাপতির, সংগঠনকে ময়দানে সক্রিয় হওয়ার বার্তা
Published by -Jyotirmay Dutta: Posted 22.08.2026 at 14:50 pm
বঙ্গবার্তা ওয়েব ডেস্কঃ
ছবি – সোশ্যাল মিডিয়া
বিজেপির নতুন জাতীয় টিম নিয়ে প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শনিবার দিল্লির বিজেপি সদর দফতরে নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গত ১৭ অগস্ট বিজেপির নতুন জাতীয় টিম ঘোষণার পর এই প্রথম দলের নতুন পদাধিকারীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলেন বিজেপি সভাপতি।
বৈঠকের শুরুতেই জাতীয় সংগীত নয়, ‘বন্দে মাতরম্’-এর ছয়টি স্তবক গাওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর দলের নতুন জাতীয় পদাধিকারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন নীতিন নবীন। আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার রূপরেখা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

ময়দানে নামার নির্দেশ, অযথা মন্তব্যে লাগাম
বিজেপি সূত্রে খবর, বৈঠকে জাতীয় পদাধিকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। দলের নেতাদের শুধুমাত্র দফতরকেন্দ্রিক রাজনীতি না করে সরাসরি মানুষের মধ্যে গিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে বিভিন্ন রাজ্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে এমন কোনও অপ্রয়োজনীয় মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে, যা বিরোধীরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করতে পারে।
সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার বার্তা
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্বও বৈঠকে উঠে এসেছে বলে সূত্রের খবর। জাতীয় পদাধিকারীদের সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তরুণ প্রজন্মের কাছে পৌঁছনোর উপর জোর দেওয়া হয়েছে।
বিজেপির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল মাধ্যমকে আরও কার্যকরভাবে ব্যবহার করার বার্তা দেওয়া হয়েছে।
সামনে বিধানসভা নির্বাচন, নজরে ২০২৯

রাজনৈতিক মহলের মতে, বিজেপির নতুন জাতীয় টিমে আগামী দিনে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ নজর রয়েছে উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের উপর।
একইসঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে এখন থেকেই প্রস্তুত করার পরিকল্পনাও রয়েছে বিজেপির। নতুন জাতীয় টিমকে সামনে রেখে রাজ্যস্তর থেকে বুথস্তর পর্যন্ত সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
তরুণ ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল
সম্প্রতি তরুণদের বিভিন্ন আন্দোলন এবং সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক ইস্যুর দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনাগুলির পর ডিজিটাল যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও রিলের মাধ্যমে তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর জোর দিয়েছেন।
ফলে নতুন জাতীয় টিমের প্রথম বৈঠক থেকেই মাঠের রাজনীতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে জনসংযোগ বাড়ানোর কৌশল স্পষ্ট করে দিল বিজেপি নেতৃত্ব। আগামী দিনে এই কৌশল দলের রাজনৈতিক প্রচারে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

