বিনিয়োগের গতি ধরে রাখতে বিদ্যুতের খরচ কমানো ও কাঁচামালের জোগান নিশ্চিত করার দাবি, লৌহ আকরিক সরবরাহেরও প্রস্তাব শিল্পমহলের
Published by -Jyotirmay Dutta: Posted 22.08.2026 at 12:45 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত
রাজ্যের ইস্পাত শিল্পে উৎপাদন ও বিনিয়োগের গতি ধরে রাখতে বিদ্যুতের দাম বৃদ্ধি রোখা এবং পর্যাপ্ত কয়লা ও লৌহ আকরিকের জোগান নিশ্চিত করার দাবি জানাল শিল্পমহল। শুক্রবার কলকাতায় রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (SRMA) এবং ওয়েস্ট বেঙ্গল স্পঞ্জ আয়রন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (WBSIMA)-এর প্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, PWD ও PHE মন্ত্রী অজয় পোদ্দার এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদব-সহ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা।
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে আপত্তি
শিল্পমহলের অন্যতম বড় উদ্বেগ বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধি। তাঁদের দাবি, ১ সেপ্টেম্বর থেকে ৩৩ কেভিএ সংযোগে প্রতি ইউনিটে ১ টাকা এবং ১১ কেভিএ সংযোগে প্রতি ইউনিটে দেড় টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
ইস্পাত শিল্পের প্রতিনিধিদের বক্তব্য, উৎপাদন খরচের অন্যতম বড় অংশ বিদ্যুৎ। ফলে বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্য ভাবে বাড়বে। এর প্রভাব পড়তে পারে রাজ্যে নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতার উপর।
বৈঠকে রাজ্যের মন্ত্রীদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি প্রতি ইউনিটে ৫০ পয়সার বেশি হবে না। তবে শিল্পমহল এই বৃদ্ধিও সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বছরে ১ কোটি টন উচ্চমানের কয়লা চায় ইস্পাত শিল্প
বিদ্যুতের পাশাপাশি স্পঞ্জ আয়রন উৎপাদনের জন্য পর্যাপ্ত উচ্চমানের কয়লার জোগান নিশ্চিত করার দাবিও উঠেছে বৈঠকে। শিল্প সংগঠনগুলির দাবি, বছরে প্রায় ১ কোটি টন ৬১০০-৬৪০০ GCV মানের কয়লা সরবরাহ করা হোক।
প্রস্তাব অনুযায়ী, এর মধ্যে প্রায় ৫০ লক্ষ টন সোনপুর বাজারি খনি এবং আরও ৫০ লক্ষ টন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর অন্যান্য খনি থেকে সরবরাহ করা যেতে পারে।
শিল্পমহলের বক্তব্য, এই ধরনের উচ্চমানের কয়লা তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলক ভাবে কম উপযোগী হলেও স্পঞ্জ আয়রন কারখানায় তা অত্যন্ত কার্যকর। স্থানীয় ভাবে এই কয়লার জোগান বাড়ানো গেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি বিদেশ থেকে কয়লা আমদানির উপর নির্ভরতাও কমবে।
বিদেশ থেকে কয়লা আমদানি কমানোর লক্ষ্য
শিল্পপতিদের প্রস্তাব, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন (WBMDTC)-এর মাধ্যমে লিঙ্কেজ, নিলাম অথবা বরাদ্দের ভিত্তিতে রাজ্যের ইস্পাত কারখানাগুলিতে কয়লা সরবরাহ করা হোক।
তাঁদের দাবি, এর ফলে দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানির প্রয়োজন কমবে এবং বিদেশি মুদ্রার সাশ্রয় হবে। একই সঙ্গে রাজ্যের ইস্পাত শিল্পের কাঁচামাল সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে।
ওড়িশা থেকে লৌহ আকরিক সরবরাহের দাবি
কয়লার পাশাপাশি লৌহ আকরিকের জোগান নিয়েও রাজ্যের কাছে প্রস্তাব দিয়েছে শিল্পমহল। ওড়িশা মাইনিং কর্পোরেশন (OMC) থেকে বছরে প্রায় ১.৫ থেকে ২ কোটি টন লৌহ আকরিকের ফাইনস ও লাম্পস সরবরাহের দাবি জানানো হয়েছে।
শিল্প সংগঠনগুলির প্রস্তাব, WBMDTC-এর মাধ্যমে এই আকরিক রাজ্যের স্পঞ্জ আয়রন এবং পেলেট প্রস্তুতকারকদের কাছে পৌঁছে দেওয়া হোক। এতে কাঁচামালের জোগান আরও মসৃণ হবে এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে শিল্প সংস্থাগুলি সুবিধা পাবে বলে মনে করছেন প্রতিনিধিরা।
রাজ্যের ইতিবাচক আশ্বাস, দ্রুত সমাধানের প্রত্যাশা
SRMA-র চেয়ারম্যান বিবেক আদুকিয়ার নেতৃত্বে বৈঠকে শিল্পমহলের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং প্রধান সচিব ইস্পাত শিল্পের দাবিগুলির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
শিল্পমহলের আশা, বিদ্যুতের মূল্য, কয়লা ও লৌহ আকরিকের জোগান—এই তিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্রুত সমাধান মিললে রাজ্যে ইস্পাত শিল্পের উৎপাদন ও বিনিয়োগ আরও গতি পাবে।

