স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া রক্ত বা প্লাজমা বাইরে পাঠানো যাবে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ১১টি ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবির থেকে সংগ্রহে নিষেধাজ্ঞা।
Published by -Jyotirmay Dutta: Posted 02.08.2026 at 20:25 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত
ভিন রাজ্যে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়াই রক্ত বিক্রির অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পূর্বানুমতি ছাড়া কোনও ব্লাড ব্যাঙ্ক রাজ্যের বাইরে রক্ত বা প্লাজমা পাঠাতে কিংবা বিক্রি করতে পারবে না।
স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ কর্তার বক্তব্য অনুযায়ী, একসঙ্গে বহু ইউনিট রক্ত বা প্লাজমা অন্য রাজ্যে পাঠানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্ককে অন্তত সাত দিন আগে স্বাস্থ্য দপ্তরের কাছে অনুমতির আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে কোন গ্রুপের রক্ত পাঠানো হচ্ছে, কত ইউনিট পাঠানো হবে, কোথায় পাঠানো হবে এবং কোন সংস্থা বা ব্লাড ব্যাঙ্ক তা পাঠাচ্ছে—এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে।
এদিকে, স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়াই ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, তদন্ত চলাকালীন ওই ১১টি ব্লাড ব্যাঙ্ক কোনও রক্তদান শিবির (Blood Donation Camp) থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না। তবে কোনও ব্যক্তি যদি সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করতে চান, তাহলে সেই রক্ত গ্রহণে কোনও বাধা থাকবে না।
স্বাস্থ্য দপ্তরের মতে, রক্তের ব্যবহার ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীদের স্বার্থ রক্ষা করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

